
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন করে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের পাশাপাশি একজন মন্ত্রীর দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত চার মন্ত্রীর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।
এ ছাড়া জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (টেকনোক্র্যাট) হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
যেসব মন্ত্রণালয়ে পরিবর্তন
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়েন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ড. আবদুল মঈন খান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। ওই মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১ জুন দীপেন দেওয়ান পদত্যাগ করার পর মন্ত্রণালয়টির মন্ত্রীর পদটি শূন্য ছিল।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আগের মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শামা ওবায়েদের সঙ্গে যৌথভাবে এ দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন খলিলুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। সেদিন প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
সর্বশেষ নতুন নিয়োগ ও দায়িত্ব পুনর্বণ্টনের ফলে সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :