জাতীয় বাস্কেটবল দলে জাবির শাহানুর রহমান | Daily AjKaler Kontho

জাতীয় বাস্কেটবল দলে জাবির শাহানুর রহমান


জাবি প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
জাতীয় বাস্কেটবল দলে জাবির শাহানুর রহমান

বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের ৪৮তম আবর্তনের (সেশন ২০১৯-২০) শিক্ষার্থী শাহানুর রহমান।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় শাহানুর রহমানের (সানজু) নাম রয়েছে। তাঁর এই অর্জনে জাবির শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

নিজের অনুভূতি জানিয়ে শাহানুর রহমান বলেন, “জাতীয় দলে সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটি অর্জন ও গর্বের বিষয়। এই পর্যায়ে আসার পেছনে আমার পরিবার, কোচ, সতীর্থ এবং শুভাকাঙ্ক্ষীদের অনেক অবদান রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলতে পেরে যেমন গর্বিত, তেমনি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় আরও বেশি আনন্দিত। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে সামনে আরও ভালো করতে চাই এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই।”

শাহানুরের সহপাঠী আরশাদ হাবিব বিশাল বলেন, “শাহানুরের এই অর্জনে আমরা সবাই অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার ফল হিসেবে সে জাতীয় দলে সুযোগ পেয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে সে দেশের হয়ে আরও বড় সাফল্য অর্জন করবে।”

শাহানুর রহমানের এই অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন ও দর্শন বিভাগের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছেন তাঁর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাহানুর আরও সাফল্য বয়ে আনবেন—এমন প্রত্যাশা তাঁদের।

আজকালের কন্ঠ/আর বি