আজ পছন্দের মেয়র বেছে নেবেন নিউইয়র্কবাসী | Daily AjKaler Kontho

আজ পছন্দের মেয়র বেছে নেবেন নিউইয়র্কবাসী


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ১:১৮ অপরাহ্ন
আজ পছন্দের মেয়র বেছে নেবেন নিউইয়র্কবাসী

আজ (৪ নভেম্বর) নিউইয়র্ক সিটির ভোটাররা তাদের পরবর্তী মেয়র কে হবেন তা নির্বাচন করবেন। এর মধ্য দিয়ে ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ার মধ্যে দীর্ঘ প্রচারণার সমাপ্তি ঘটবে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সমাজতান্ত্রিক মতাদর্শের ৩৪ বছর বয়সী মামদানির নাটকীয়ভাবে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ের পরের মাসগুলোতে তার ভিত্তি আরও বাড়ানোর চেষ্টা করেন। একইসঙ্গে ইসরায়েল সরকারের সমালোচনা এবং পুলিশের তহবিল বন্ধ করার মতো অতি-বাম নীতির প্রতি তার অতীত সমর্থন বাড়াতে মনোযোগী। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বীরা শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে প্রচারণা জোরদার করেছেন।

মঙ্গলবারের নির্বাচনের গতি বাড়ানোর ক্ষেত্রে প্রভাব রাখবে এমন ৭টি বিষয় তুলে ধরেছে সিএনএন।

কুয়োমোর পতন ও মামদানির উত্থান
২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্ক গভর্নরের পদ থেকে পদত্যাগ করা অ্যান্ড্রু কুমো প্রাথমিকভাবে এই নির্বাচনের ফ্রন্টরানার হিসেবে বিবেচিত ছিলেন। কিন্তু প্রচারে মাঠে নামতে দেরি ও সংগঠনগত দুর্বলতার কারণে তিনি মামদানির কাছে হেরে যান। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মামদানির এই ঐতিহাসিক জয় ভোটারদের নতুন নেতৃত্বের প্রতি আকাঙ্ক্ষার প্রতিফলন।

বামপন্থিদের আত্মবিশ্বাস ও নতুন চ্যালেঞ্জ
মামদানির আশ্চর্যজনক জয় নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক মতাদর্শের মানুষদের উৎসাহিত ও সংগঠিত করেছে। এমনকি তারা ডেমোক্রেটিক পার্টির পাঁচজন কংগ্রেস সদস্যের বিরুদ্ধে প্রাথমিক নির্বাচনী চ্যালেঞ্জের হুঁশিয়ারিও দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ডেমোক্রেটিক সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিসও। জেফ্রিসের দল সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের ডাকনাম দিয়েছে “টিম জেন্ট্রিফিকেশন”।

পুলিশ বিরোধী বক্তব্য থেকে সরে আসছেন মামদানী
নির্বাচনী কৌশলে পরিবর্তন এনে মামদানি এখন পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করছেন। এরই অংশ হিসেবে পুলিশের তহবিল বন্ধ করার জন্য তার অতীতের আহ্বান থেকে সরে এসেছেন তিনি। পুলিশ অফিসারদের সাথে দেখা করে তিনি তার জননিরাপত্তা এজেন্ডার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে শহরের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির প্রতি জোর দেয়া হয়েছে।

‘বিড়ালপ্রেমী’ রিপাবলিকান প্রার্থী স্লিওয়া
২০১৩ সালে মাইকেল ব্লুমবার্গ পদত্যাগ করার পর থেকে নিউইয়র্ক সিটিতে কোনো রিপাবলিকান মেয়র নেই। কিন্তু রিপাবলিকানরা তাদের মনোনীত প্রার্থীর চারপাশে পুরোপুরি সমাবেশ করতে পারেনি: স্লিওয়া, একজন রেডিও হোস্ট, গার্ডিয়ান অ্যাঞ্জেলস অ্যান্টি-ক্রাইম পেট্রোল গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বিড়ালপ্রেমী হিসেবে পরিচিত।

বিতর্কের কেন্দ্রে কুইন্সের রুজভেল্ট অ্যাভিনিউ
রুজভেল্ট অ্যাভিনিউ, কুইন্সের একটি বৈচিত্র্যময় রাস্তা। এটি যৌনকর্মের জন্যও একটি হটস্পট। এটি এখন মেয়র পদের প্রতিযোগিতায় আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। মামদানির বিরোধীরা যৌনকর্মকে অপরাধমুক্ত করার পক্ষে তার সমর্থনের সমালোচনা করে বলছেন, তিনি অপরাধের প্রতি নরম। দক্ষিণ এশীয় এবং মুসলিম ভোটারদের কাছে পৌঁছানোর জন্য এই বিষয়টি ব্যবহার করছেন কুমো।

ইহুদি ভোটারদের অস্বস্তি
অনেক ইহুদি ভোটার এই নির্বাচনে দোটানায় পড়েছেন। সিএনএনের সাথে কথা বলা কিছু ভোটার বলেছেন যে তারা ফিলিস্তিনিপন্থী সক্রিয়তা এবং ইসরায়েল সরকারের সমালোচনার কারণে মামদানিকে সমর্থন করতে অনিচ্ছুক। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, কুমো ইহুদি ভোটের প্রায় ৫৫ শতাংশ পাচ্ছেন। মামদানি যদিও তাদের সঙ্গে সংলাপের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবু সংশয় পুরোপুরি কাটেনি।

ভিন্ন ধরনের সম্ভাব্য ফার্স্ট লেডি
মামদানির ২৮ বছর বয়সী শিল্পী স্ত্রী রামা দুওয়াজি, নিউইয়র্ক সিটির পরবর্তী ফার্স্ট লেডি হওয়ার আগে নিজের পথ তৈরি করেছেন। নির্বাচনী প্রচারণায় তেমন দৃশ্যমান না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রভাব যথেষ্ট। তার শিল্পকর্মে মধ্যপ্রাচ্যের নারীজীবন ও গাজায় ফিলিস্তিনিদের দুর্দশার প্রাধান্য পেয়েছে।

 

আজকালের কন্ঠ/আর এস