নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয় | Daily AjKaler Kontho

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৬ জন নতুন সদস্য। পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন বা রদবদল হতে পারে বলে জানা গেছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পর নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ পড়ানো হবে।

নতুনদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বলে তার পিএস বাহাউদ্দিন ভূইয়া মিল্টন জানিয়েছেন।

এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন বলে দলটির মহাসচিব আব্দুল মতিন সাউদ জানিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেয় পার্থের নেতৃত্বাধীন দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

নতুন সদস্যদের জন্য গাড়ি প্রস্তুত

এদিকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য পরিবহন অধিদপ্তর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে। পরিবহন কমিশনার কার্যালয়ের একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রীর পদমর্যাদা এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে তারা মন্ত্রিসভার সদস্য নন।

নতুন সদস্যদের শপথ এবং মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের পর মন্ত্রিসভার আকার আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আজকালের কন্ঠ/আর বি