নাজিরপুরে আপন শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক | Daily AjKaler Kontho

নাজিরপুরে আপন শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১:২৫ অপরাহ্ন
নাজিরপুরে আপন শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

পিরোজপুরের নাজিরপুরে ১২ বছরের নিজের শিশু কন্যাকে জোরপূর্বক দীর্ঘ ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। আটককৃত অভিযুক্ত পিতার নাম অহিদুল মোল্লা(৪০) পেশায় একজন অটোচালক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া আশ্রয়ণ প্রকল্প থেকে তাকে আটক করা হয়। এর আগে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত অহিদুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আটক অহিদুল মোল্লা বাগেরহাটের চিতলমারী উপজেলার ডোবাতলা গ্রামের ফজর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে অহিদুলের প্রথম স্ত্রী আত্মহত্যা করেন। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী বর্তমানে প্রবাসে রয়েছেন। প্রথম স্ত্রীর তিন সন্তানকে নিয়ে অহিদুল আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন।

ভুক্তভোগী শিশু জানায়, তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ ছয় মাস ধরে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল তার পিতা। দুই মাস আগে বিষয়টি দাদিকে জানালে দাদি কাউকে বলতে নিষেধ করেন এবং ঘটনা প্রকাশ করলে তাকে হত্যার হুমকি দেয় অহিদুল। নির্যাতন সহ্য করতে না পেরে সোমবার সকালে শিশুটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কাছে বিষয়টি প্রকাশ করে।

পরে অহিদুল বাড়িতে এলে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন। এ সময় তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে নাজিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় অহিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। একই সঙ্গে ভুক্তভোগী শিশুটিকেও উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।

নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে অভিযুক্তকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আজকালের কন্ঠ/আর বি