
সাধারণ মানুষের মাঝে সরকারি সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হওয়া “ফ্যামিলি কার্ড” কার্যক্রমকে আরও বেগবান ও স্বচ্ছ করার উদ্দেশ্যে বরিশাল বিভাগীয় পর্যায়ে গঠিত সমন্বয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল সদর উপজেলা বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. রেজাউল করিম ওরফে রেজা রাড়ী।
বিশেষ সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক তদারকি, সুষ্ঠু বাস্তবায়ন, সমন্বয় এবং মাঠপর্যায়ে কাজের গতিশীলতা বাড়াতেই এই বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যতম সদস্য হিসেবে মনোনীত হয়ে রেজাউল করিমকে বরিশাল বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা ও উপজেলায় এ কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়।
রেজাউল করিম রেজা রাড়ী বরিশাল সদর উপজেলার একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য।
স্থানীয়রা জানান, রেজা রাড়ী সবসময় মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে থাকেন। তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তার বিষয়টিকে মূল্যায়ন করেই তাঁকে ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে কোনো প্রকৃত উপকারভোগী যাতে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যাতে অন্যায্য সুবিধা না পান, তা নিশ্চিত করাই হবে এই কমিটির প্রধান কাজ। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সাথে কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে সুষ্ঠুভাবে কার্ড বিতরণ করাও তাঁর অন্যতম দায়িত্ব।
দলীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, রেজাউল করিমের মতো একজন ত্যাগী ও পরিশ্রমী নেতার হাত ধরে বরিশাল বিভাগে ফ্যামিলি কার্ড কার্যক্রম আরও সফল হবে এবং সাধারণ মানুষ সহজেই তাদের অধিকার ফিরে পাবে।
নিজের অনুভূতি ও পরবর্তী লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-কে রেজা রাড়ী বলেন, “জনগণের প্রতি আমার মূল অঙ্গীকার হলো—আমি যেন পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করতে পারি। প্রতিটি হতদরিদ্র পরিবারের কাছে সরকারি সহায়তা যেন সঠিকভাবে পৌঁছে, ইনশাআল্লাহ আমি সেটাই নিশ্চিত করব।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :