ডেঙ্গু প্রতিরোধে নোবিপ্রবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ | Daily AjKaler Kontho

ডেঙ্গু প্রতিরোধে নোবিপ্রবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ


নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে নোবিপ্রবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ঝোপঝাড় পরিষ্কার কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার কেন্দ্রীয় ছাত্রদলের দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে নোবিপ্রবি ছাত্রদলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এগিয়ে আসতে হবে। নোবিপ্রবি ছাত্রদল ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে কাজ করে যাবে।

নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোবিপ্রবি ছাত্রদল ক্যাম্পাসে লিফলেট বিতরণ,পরিচ্ছন্নতা অভিযান এবং ঝোপঝাড় পরিষ্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের ওষুধ প্রয়োগের জন্য আমরা উপাচার্য মহোদয়কে অনুরোধ করেছি। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরো ক্যাম্পাসে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ প্রয়োগ করা হবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।

আজকালের কন্ঠ/আর বি