পাঁচবিবিতে দেলোয়ারের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

পাঁচবিবিতে দেলোয়ারের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন


ইমরান হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
পাঁচবিবিতে দেলোয়ারের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেলোয়ার ও সনি নামের দুই যুবকের উপর মাদক ব্যবসায়ীদের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বিকালে স্থানীয় মাদক বিরোধী কমিটি ও সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে পাঁচবিবির তিনমাথা মোড় সড়কে দীর্ঘ লাইন ধরে এই মানববন্ধন করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে “মাদকমুক্ত সমাজ চাই”, “মাদক নয় নিরাপদ সমাজ চাই” লেখা ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। “মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেলোয়ার ও সনির উপর মাদক ব্যবসায়ী কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি”। এবং আইন-শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন অতি দ্রুত এই মাদক কারবারিতে ধরে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। দেলোয়ার ও সনির উপর হামলা শুধু দুইজন ব্যক্তির উপর নয়, এটি পুরো সমাজের উপর হামলা। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে। মাদক ব্যবসায়ীদের তালিকা করে আইনের আওতায় আনতে হবে এবং মাদকমুক্ত এলাকা গড়তে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।

ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে নারী-পুরুষ নির্বিশেষে শতাধিক সচেতন নাগরিক অংশ নেন। এ মানববন্ধনে পাঁচবিবিশিষ্ট ব্যক্তি ও সাবেক পুলিশ কর্মকর্তা জনাব মিজানুর রহমান মিজান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্ম জনাব হারুন অর রশিদ হিরন, ডেকোরেটর মালিক জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায় আরাফাত হোসেনসহ আরো বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিকেরা বক্তব্য রাখেন। কর্মসূচি শেষে আয়োজকরা প্রশাসনের কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়ার কথাও জানান। এলাকাবাসী মনে করেন, এ ধরনের মানববন্ধন মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করবে এবং সাধারণ মানুষকে প্রতিবাদে সাহস জোগাবে।

আজকালের কন্ঠ/আর বি