স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে: তানজিন তিশা | Daily AjKaler Kontho

স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে: তানজিন তিশা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে: তানজিন তিশা

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী তানজিন তিশা। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। জামিনের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। এ সময় মামলার বাদীপক্ষের বিরুদ্ধে তাকে হেনস্তার অভিযোগ তোলেন এই অভিনেত্রী।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১২ জুলাই একই আদালত তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিশা বলেন, যিনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনিও একজন নারী। তার নিজেরও একটি মেয়ে আছে। এখন স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে। সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে। সেই সংক্রান্ত অনেক বিষয়ই আমার কাছে আছে, যা আমি সময়মতো প্রকাশ্যে আনব।

মামলার অভিযোগে বলা হয়েছে, একটি শাড়ি নেওয়ার পর এর মূল্য পরিশোধ না করায় তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে তিশা বলেন, মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়ির জন্য তার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

তিনি বলেন, আমি ১৫ বছর ধরে সততার সঙ্গে বিনোদন জগতে কাজ করছি। দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একটি শাড়ির জন্য আমাকে আদালতে দাঁড়াতে হবে, এটা আমার বা কোনো শিল্পীর জন্যই কাম্য হতে পারে না।

অভিযোগকারীর প্রসঙ্গ টেনে তিশা আরও বলেন, তারও তো একটি ছোট মেয়ে আছে, একটি ব্যক্তিগত জীবন রয়েছে। উনি নিজেও একজন নারী। সেই জায়গা থেকে আরেকজন নারীকে এভাবে হয়রানি করা কোনোভাবেই মানা যায় না। আমরা আদালতের কাছে ন্যায়বিচার পাব বলেই বিশ্বাস করি।

মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা করবেন এবং এর মূল্য পরিশোধ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তবে পরবর্তী সময়ে শাড়িটির মূল্য পরিশোধ না করে তানজিন তিশা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে মামলার অভিযোগে দাবি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি