
নওগাঁ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার (২৩ জুলাই) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল ওয়াহেদ আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যই বিভাগ ও প্রতিষ্ঠানের সাফল্য এবং তারা যেন যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে—এটাই শিক্ষকদের প্রত্যাশা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য দেন রিজভী আহম্মেদ রিজোয়ান। তিনি বলেন, একটি বিভাগ শুধু পাঠদানের স্থান নয়, বরং একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব ও জীবনবোধ গড়ে ওঠার অন্যতম ভিত্তি। শিক্ষকরা তাঁদের জ্ঞান, দিকনির্দেশনা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, একসময়ের অচেনা সহপাঠীরাই সময়ের পরিক্রমায় জীবনের সবচেয়ে আপন মানুষে পরিণত হয়েছে। ক্লাস, ল্যাব, আড্ডা ও শিক্ষাজীবনের অসংখ্য স্মৃতি আজীবন হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
তিনি বলেন, “ডিগ্রি অর্জন গুরুত্বপূর্ণ হলেও একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। মানুষ তার চরিত্র ও কর্মের জন্যই স্মরণীয় হয়ে থাকে।” বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “স্বপ্ন বদলাবে, ঠিকানা বদলাবে, পেশা বদলাবে; কিন্তু প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী হিসেবে আমাদের পরিচয়, ভালোবাসা ও স্মৃতিগুলো কখনো বদলাবে না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আইরিন পারভিন, প্রভাষক মো. আব্দুর রহমান, প্রভাষক এনামুল হক, প্রদর্শক, মো. হাবিবুর রহমান এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য, প্রাণিবিদ্যা বিভাগের সার্বিক উন্নতি এবং শিক্ষকবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :