
সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পেশাগত কাজে গিয়ে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা এলাকার জেলা মাধ্যমিক শিক্ষা অফিস চত্বরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মো. আমিনুর রহমান (৩৯) সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য। চুরির ঘটনায় তিনি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে যান সাংবাদিক আমিনুর রহমান। এ সময় তিনি তার ব্যবহৃত ‘হিরো স্প্লেন্ডার ১০০ সিসি’ মোটরসাইকেলটি অফিসের সিঁড়িঘরের নিচে পার্ক করে ভেতরে প্রবেশ করেন। প্রায় ১০ মিনিট পর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কাজ শেষে বের হয়ে তিনি দেখতে পান, নির্দিষ্ট স্থানে মোটরসাইকেলটি নেই। পরবর্তীতে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান মেলেনি।
চুরি হওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর HA10AHM9E01284 এবং চেসিস নম্বর PS1HAW087MJK0089।
ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক মোঃ আমিনুর রহমান বলেন, “অনেক কষ্ট করে সম্প্রতি মোটরসাইকেলটি কিনেছিলাম। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে তথ্য সংগ্রহের কাজে গিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে গাড়িটি চুরি হয়ে গেল। এত বড় একটি সরকারি অফিসে সিসিটিভি ক্যামেরা না থাকা অত্যন্ত দুঃখজনক।” তিনি অবিলম্বে মোটরসাইকেলটি উদ্ধার এবং চোর শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে। চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং এর সাথে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :