দেবিদ্বারে বাজার মনিটরিং, ৭ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা | Daily AjKaler Kontho

দেবিদ্বারে বাজার মনিটরিং, ৭ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা


কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
দেবিদ্বারে বাজার মনিটরিং, ৭ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

রোববার বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা দেবিদ্বার পৌরসভার বিভিন্ন মুদি ও কাঁচা সবজির দোকানে অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের উপস্থিতিতে এ বাজার পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বাজার পরিদর্শনকালে সঠিক ও হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ জন মুদি দোকানদারকে মোট ৮ হাজার টাকা এবং ৪ জন কাঁচা সবজি বিক্রেতাকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ১২ হাজার টাকা।

এ সময় বাজারের সবজি ব্যবসায়ীদের দোকানে হালনাগাদ ও সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং পণ্য ক্রয়ের বাউচার ও চালান সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, “বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়ীদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন ও পণ্য ক্রয়ের বাউচার-চালান সংরক্ষণ করতে হবে। এ ধরনের বাজার মনিটরিং ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

‎আজকালের কন্ঠ/আর বি