
নওগাঁর পোরশায় সড়কে দস্যুতার প্রস্তুতির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি চেইন, ২৫ ফুট দড়ি, টর্চলাইটসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পোরশা থানার শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতুর কাছে কয়েকজন ব্যক্তি রাস্তায় দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা মোটরসাইকেল ফেলে পাশের জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের তরিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), পোরশা উপজেলার ছোট কাটনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে নাইম মাহমুদ (১৯) এবং একই উপজেলার সমনগর গ্রামের মাহবুলের ছেলে মোস্তাকিম (১৯)।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে দেলোয়ার হোসেনের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো ‘হ্যান্ডেল চেইন’, নাইম মাহমুদের কাছ থেকে আরেকটি দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন এবং মোস্তাকিমের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২৫ ফুট লম্বা দড়ি ও একটি ছোট টর্চলাইট উদ্ধার করা হয়। এছাড়া দস্যুতার কাজে ব্যবহারের অভিযোগে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এ ঘটনায় পোরশা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :