আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ২৮৫ শিক্ষার্থী অনুপস্থিত | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ২৮৫ শিক্ষার্থী অনুপস্থিত


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ২৮৫ শিক্ষার্থী অনুপস্থিত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনেই বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর আগৈলঝাড়ায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১,৭৩২ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১,৪৫৬ জন, দাখিল শাখায় ১৭৩ জন এবং ভোকেশনাল শাখায় রয়েছে ৯৩ জন শিক্ষার্থী।

পরীক্ষা পরিচালনার জন্য উপজেলায় মোট ৬টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১টি মাদ্রাসা কেন্দ্র এবং ৫টি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র রয়েছে।প্রথম দিনের পরিসংখ্যান অনুযায়ী, মাদ্রাসা কেন্দ্রগুলোতে ১৫৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। অন্যদিকে মাধ্যমিক শাখায় অংশগ্রহণ করেছে অধিকাংশ শিক্ষার্থী। তবে মোট হিসাব অনুযায়ী ২৮৫ জন পরীক্ষার্থীর অনুপস্থিতি বিষয়টি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক। তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা সন্তানের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।সংশ্লিষ্টদের মতে, সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতি ভবিষ্যতে অংশগ্রহণের হার নিয়ে প্রশ্নবিদ্ধ তৈরি করছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, অনুপস্থিতির কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতে উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।