দাবি আদায়ে দুমকিতে প্রাথমিক শিক্ষকরা একতাবদ্ধ, কমপ্লিট শাটডাউনে বার্ষিক পরীক্ষা হুমকিতে | Daily AjKaler Kontho

দাবি আদায়ে দুমকিতে প্রাথমিক শিক্ষকরা একতাবদ্ধ, কমপ্লিট শাটডাউনে বার্ষিক পরীক্ষা হুমকিতে


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
দাবি আদায়ে দুমকিতে প্রাথমিক শিক্ষকরা একতাবদ্ধ, কমপ্লিট শাটডাউনে বার্ষিক পরীক্ষা হুমকিতে

তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দুমকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার সব বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষকরা এই কর্মসূচি শুরু করেন। এতে চলমান বার্ষিক পরীক্ষার কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

সকালে দুমকি উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন আন্দোলনরত শিক্ষকরা। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা বলেন, তাদের স্মারকলিপি গ্রহন করেছি, যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছানো হবে।

শিক্ষকরা জানান, ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো দুমকিতেও একই দাবি নিয়ে আন্দোলন চলছে। তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে বলেও জানান তারা।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন সহকারী শিক্ষক নেতা কে এম জামাল আহমেদ, শাহজাহান সরদার, নেছার উদ্দিন, সাকিবুর রহমান সজিব, রেজভী আক্তার, সাদিয়া আফরিন, রুবেলসহ আরও অনেকে।

শিক্ষকদের এই কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকলে উপজেলার বার্ষিক পরীক্ষা গ্রহণে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে অভিভাবক ও সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।