
ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তিনি জানান, দিনভর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং একাডেমিক কাউন্সিল সভা ঘিরে সংঘাতের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হলেও সভার সিদ্ধান্ত বর্জন করে আন্দোলনরত শিক্ষার্থীরা সভাস্থলে তালা ঝুলিয়ে দেন। রাত ৮টার দিকে বহিরাগতদের হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হামলার পর অবরুদ্ধ শিক্ষকরা বের হয়ে আসেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে তার পদত্যাগ দাবি করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :