
ফজলুল করিম সিয়াম,ক্যাম্পাস প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আব্দুল জব্বার মোড়ে অবস্থিত নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শাখা কার্যালয় শিক্ষার্থীরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল দিবাগত রাত ১টার দিকে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্যমতে, রাতের অন্ধকারে শতাধিক শিক্ষার্থী স্লোগান দিতে দিতে ছাত্রলীগের কার্যালয়ের দিকে এগিয়ে যান। ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে কার্যালয়টি ভাঙার কাজ শুরু হয় এবং পরে বুলডোজার ব্যবহার করে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। উপস্থিত শিক্ষার্থীদের বেশিরভাগই শহীদ শামসুল হক হলের বাসিন্দা।
শিক্ষার্থীরা জানান, এ ভাঙচুরের মাধ্যমে তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সম্মান জানিয়েছেন। এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ ছাত্রলীগের কবর রচিত হলো। যারা এ সংগঠনকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” আরেক শিক্ষার্থী বলেন, “ছাত্রসমাজ অন্যায় ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। স্বাধীন বাংলাদেশে এমন কোনো শক্তির চিহ্ন থাকতে দেওয়া হবে না।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহবুবুল প্রতীক সিদ্দিক জানান, “ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হলেও এ ধরনের ভাঙচুরের অনুমতি প্রশাসন দেয়নি। শিক্ষার্থীরা আগে
জানিয়েছিল তারা কোনো ভাঙচুর করবে না। কিন্তু শেষ পর্যন্ত এমন ঘটনা ঘটে।” এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি
শান্ত রাখার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
আপনার মতামত লিখুন :