নওগাঁয় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপস্থিত ৮৫১ জন | Daily AjKaler Kontho

নওগাঁয় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপস্থিত ৮৫১ জন


মোঃ আরাফাত আলী প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নওগাঁয় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপস্থিত ৮৫১ জন

নওগাঁ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার ১১টি উপজেলার ৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। তবে প্রথম দিনের পরীক্ষায় মোট ৮৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৪৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ২৬৮ জন। এর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (নিয়মিত ও অনিয়মিত) পরীক্ষার্থী ১৩ হাজার ১৬০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ১ হাজার ৯৯৪ জন এবং কারিগরি ও ভোকেশনাল শাখার পরীক্ষার্থী ৫ হাজার ১১৩ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১০ হাজার ১৪৫ জন পরীক্ষার্থীর। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ বিষয়ে পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৮২৬ জন, যার মধ্যে ১৮২ জন অনুপস্থিত ছিলেন।

এদিকে, কারিগরি ও ভোকেশনাল শাখার প্রথম শিফটের পরীক্ষায় ২ হাজার ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১০১ জন অনুপস্থিত ছিলেন। বিকেলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ২ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৮৯ জন।

পরীক্ষার প্রথম দিনে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।