
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্য ডাক পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নির্বাচিত সভাপতি মোঃ মোশাররফ হোসেন ও নির্বাচিত সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন। তিনি জানান – আগামী ৯ এপ্রিল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নব গঠিত সকল কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে সাক্ষাৎ করবেন।
মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সাংগঠনিক অভিভাবক প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ডাক পাওয়া বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর রাজপথের ত্যাগ ও সংগ্রামেরই এক অনন্য স্বীকৃতি। এই আমন্ত্রণ আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার।
৯ এপ্রিলের এই সাক্ষাতে আমরা মূলত দেশনায়কের কাছ থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং ক্যাম্পাস রাজনীতিতে ছাত্রদলের ভূমিকা সম্পর্কে সরাসরি দিকনির্দেশনা গ্রহণ করব। আমরা বিশ্বাস করি, তাঁর এই নেতৃত্ব ও দর্শনই হবে আমাদের আগামীর পথ চলার মূল শক্তি। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তাঁর সাথে কথা বলব।
ইনশাআল্লাহ, নেতার নির্দেশিত পথে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সুসংগঠিত করে আমরা একটি বৈষম্যহীন এবং মেধাভিত্তিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করব।”
আজকালের কন্ঠ/আরএস
আপনার মতামত লিখুন :