
দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সহকারী শিক্ষকদের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে নওগাঁয় বিদ্যালয়গুলোতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। ফলে জেলার ১ হাজার ৩৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ আছে।
রবিবার সকালে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়- শিক্ষকরা বিদ্যালয়ে এসে অ্যাসেম্বলি ও নাম প্রেজেন্ট করে ক্লাস না নিয়ে নিজেদের রুমে অবস্থান নেয়। কেউবা মোবাইল নিয়ে ব্যাস্ত। এদিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকদের পাঠদান বন্ধ থাকায় কোনো কোনো শিক্ষার্থী মাঠে খেলাধুলা করছে। আবার কেউ কেউ পাঠদান বন্ধ থাকায় ক্লাস না করেই বাড়ি ফিরে যাচ্ছে।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। সেই হিসাবে মাত্র তিন সপ্তাহ বাকি আছে পরীক্ষার। এমন সময়ে শিক্ষকরা দাবি-দাওয়া নিয়ে মাঠে নামায় এবং সৃষ্ট পরিস্থিতিতে ক্লাস-পরীক্ষা নিয়ে শঙ্কায় পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
নওগাঁ পৌর এলাকার হাট-নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘‘দশম গ্রেড বাস্তবায়ন ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে বিদ্যালয়টির ১০ জন শিক্ষক উপস্থিত হয়ে কর্মবিরতি পালন করছেন।’’ তবে তারা তাদের সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা না পেয়ে কেন্দ্রীয় নির্দেশনায় কর্মবিরতি পালন করছেন বলে জানান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘‘জেলায় ১ হাজার ৩৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ হাজার ৫০০ শিক্ষক কর্মরত আছেন। পাঠদান কর্মসুচি অনুযায়ী শিক্ষকদের ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি আন্দোলনের নামে কোনো শিক্ষক বা কর্মকর্তা শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রাখে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
আজকালের কন্ঠ/আর এস/এ
আপনার মতামত লিখুন :