
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আর্থ ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো দিনব্যাপী “ইকো রাইজ: ইয়ুথ ফর স্টুয়ার্ডশীপ” শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আর্থ ক্লাবের এ আয়োজনে আরও ১২ টি সক্রিয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পৃথিবীর আগত সংকট ও নিরাপদ সীমারেখা, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলার প্রাকৃতিক সম্পদের ঐতিহ্য, পরিবেশ সুরক্ষায় আমাদের দায়িত্ব প্রভৃতি বিষয়ে বিভিন্ন সেশন ও স্থানীয় পরিবেশ সংক্রান্ত সমস্যা ও সমাধান নিয়ে উপস্থাপনা আয়োজিত হয়। সেমিনারে আয়োজকরা অংশগ্রহণকারীদের প্রকৃতির উপর চাপ প্রয়োগের ফলে ভয়াবহ অবস্থা সম্পর্কে এসাইনমেন্ট করতে দেন এবং প্রোগ্রাম শেষে সবাইকে সার্টিফিকেট প্রদান করেন।
আর্থ ক্লাবের সভাপতি মো. খালিদ আহমেদ সাইফউল্লাহ সা’দ বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে পরিবেশ–সংকট ও সংশ্লিষ্ট বিষয়গুলো শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি বলে মনে করি। অংশগ্রহণকারীরা নিজেদের সংগঠনে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবেন বলে আশা করি।’
ক্লাবটির জেনারেল সেক্রেটারি হুমায়রা ইসলাম বলেন, ‘পরিবেশ সচেতনতা ও টেকসই জীবনধারা প্রচারই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আমাদেরকে ভবিষ্যতে আরও বড় উদ্যোগ নিতে উৎসাহ দিয়েছে।’
কর্মশালায় মূল পর্ব পরিচালনা করেন ক্যাটালাইজিং সাসটেইনেবল ট্রান্সফরমেশন নেটওয়ার্কের প্রধান নির্বাহী এবং বাংলাদেশ যুব পরিবেশ উদ্যোগ (বি.ওয়াই.ই.আই) এর সহ–প্রতিষ্ঠাতা ও উপ–নির্বাহী পরিচালক, সৈয়দ মুনতাসির রিদওয়ান এবং বাংলাদেশ যুব পরিবেশ উদ্যোগ (বি.ওয়াই.ই.আই) এর সহ-সমন্বয়ক (কার্যক্রম ও পরিচালনা) হালিমা আক্তার।
অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক,নাজিয়া উদ্দিন এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ দপ্তরের সহকারী পরিচালক ও কাউন্সেলিং সাইকোলজিস্ট আদিবা আক্তার।
অতিথিরা ত্রিমুখী গ্রহ সংকট, মানসিক স্থিতি, পরিবেশ সচেতনতা, নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন।
আয়োজকেরা জানান, সেমিনার থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের নিজ নিজ সংগঠন ও পরিসরে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে উৎসাহিত করবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :