
কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় কয়েকজন শিক্ষার্থীর বিদেশি ছুরি প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে।
গত বুধবার সকালে দশম শ্রেণির একটি ক্লাসে গণিত বিষয়ের পাঠ চলাকালে ওই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতরে বিদেশি ডিজাইনের ছুরি প্রদর্শন করে এবং একই সঙ্গে ভিডিও ধারণ করে। পরবর্তীতে তারা এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার কৌশলে তিন শিক্ষার্থীকে আটক করে মুরাদনগর থানায় হস্তান্তর করে। পরে তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে চতুর্থ শিক্ষার্থী ওই দিন স্কুলে অনুপস্থিত থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো— দশম শ্রেণির কামাল্লা গ্রামের বর্তমান ইউপি সদস্য জামাল উদ্দিনের পুত্র ওবায়দুল্লাহ (১৬), আবুল কাশেমের ছেলে ফয়সাল (১৬), সাইফুল মুন্সির পুত্র সাইম (১৬) এবং হরিবল রায়ের সন্তান আনন্দ রায় (১৬)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার খান বলেন, “ঘটনাটি আমাদের নজরে আসার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।”
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। ভিডিওতে প্রদর্শন করা ছুরিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/রাহাত/শরীফ
আপনার মতামত লিখুন :