নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতাকে আটক করল জবি ছাত্রদল, পুলিশে সোপর্দ | Daily AjKaler Kontho

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতাকে আটক করল জবি ছাত্রদল, পুলিশে সোপর্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতাকে আটক করল জবি ছাত্রদল, পুলিশে সোপর্দ

জবি প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়( জবি) শাখার দুই নেতাকে আটক করেছে জবি ছাত্রদল। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

আটককৃত ছাত্রলীগ নেতারা হলেন আতাউল গণি টুটুল ও আকরাম হোসেন। এরমধ্যে আতাউল গণি টুটুল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা এবং আকরাম হোসেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ।

গতকালদ রোববার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে ছাত্রদলের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টুটুল ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চাকরি নেওয়া এবং সে ছাত্রলীগের পদে থাকায় ছাত্রদলের নেতাকর্মীরা কাঁঠাল তলার সামনে মারধর করে। পরবর্তীতে প্রক্টর অফিসে রেখে দেয়। অপর দিকে অভিযুক্ত আকরাম হোসেন মাস্টার্সের সার্টিফিকেট তুলতে ক্যাম্পাসে এলে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়।

অভিযুক্ত আকরাম হোসেন বলেন, ‘আমি আজ ক্যাম্পাসে মাস্টার্সের সার্টিফিকেট তুলতে আসি। তখন আমায় নিয়ে আসে। আমি প্রথম বর্ষে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম। ওই সময় ছাত্রলীগ নেতারা জোর করে সবাইকে নিয়ে গেলে আমিও গেছিলাম। এরপর আর কিছু করিনি। আমার কোন পোস্ট পদবি ছিল না।

তবে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, প্রথম বর্ষে থাকাকালীন সময়ে আকরাম হোসেন ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করেছে। এক ছাত্রদল নেতাকে জবির আন্ডারগ্রাউন্ডে পিটিয়ে হত্যা করেছে। তারই ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

শামসুল আরেফিন বলেন, আমাদের নেতাকর্মীদের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা করা হয়েছে। অতীতে হামলার কারণে দুজন ছাত্রলীগ আটক করে ভিক্টিম ছাত্রদল নেতাকর্মীরা। তাঁদের প্রক্টরিয়াল বডির কাছে বুঝিয়ে দেয়। প্রক্টরিয়াল বডি তাঁদের থানায় হস্তান্তর করে। এখন থানার আইনানুগ ব্যবস্থা নেবে।

কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর (এসআই) বাহাউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি থেকে দুইজনকে হস্তান্তর করা হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁর ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল বলেন, এক ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও আরেক ছাত্রলীগ কর্মীকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে শাখা ছাত্রদল। তাদের দেওয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ অভিযোগের তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।