ডেঙ্গু নিয়ন্ত্রণ করা আমাদের কাজ নয় : স্বাস্থ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

ডেঙ্গু নিয়ন্ত্রণ করা আমাদের কাজ নয় : স্বাস্থ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৩, ৭:২১ অপরাহ্ন
ডেঙ্গু নিয়ন্ত্রণ করা আমাদের কাজ নয় : স্বাস্থ্যমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করা আমাদের কাজ নয়, আমাদের কাজ রোগীদের চিকিৎসা-সেবা দেওয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ জনগণকে অবহিত করা।

সোমবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস কে-৮০ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, মানুষের জ্বর বিভিন্ন কারণে হতে পারে, আমরা বলেছি জ্বর হলে দ্রুত পরীক্ষা করাতে। আপনারা জানেন আমরা সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা করে দিয়েছি। আমরা দেখছি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ঢাকাসহ দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট বিষয়ে মন্ত্রী বলেন, কেন কী কারণে তারা ধর্মঘট ডেকেছে সে বিষয়টি আমার জানা নেই, এ বিষয়ে আমি তেমন কিছু বলতে পারব না। দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে। এখন ধর্মঘটের সময় নয়। মানুষের সেবা, জীবন রক্ষা এবং চিকিৎসা সেবার এখন প্রয়োজন। সেটি বন্ধ করে দিয়ে আমরা ধর্মঘটে চলে গেলাম। এটি আমি সঠিকভাবে নিতে পারছি না। তারপরেও তাদের কী সমস্যা আছে, সেই সমস্যার যেন সমাধান হয় সে বিষয়ে আমরা চেষ্টা করব।

নতুন ভর্তি হওয়া এমবিবিএস শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে যারা নতুন এমবিবিএসে ভর্তি হয়েছে আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এখান থেকে যারা চিকিৎসক হয়ে বেরিয়ে যাবে, তাদের ঢাকা মেডিকেলের সুনাম ধরে রাখতে হবে। এই সুনাম ধরে রাখার একমাত্র পন্থা হলো এখান থেকে ভালোভাবে শিক্ষা লাভ করা এবং এখান থেকে পাস করে বেরিয়ে যাওয়া।