ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু | Daily AjKaler Kontho

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৩, ৭:২৭ অপরাহ্ন
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫৫ জন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৪৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৯১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৫৪৭ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৫৫ জন। মারা গেছেন ১৫৫ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১২১ জন এবং ঢাকা সিটির বাইরে ৩৪ জনের মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বলেন, শক সিন্ড্রোমের কারণে বেশি মানুষ মারা যেতে পারে। তাই অবহেলা না করে ডেঙ্গুর লক্ষণ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকের কাছে যেতে হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশা নিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।