মাদারীপুরে ৬৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | Daily AjKaler Kontho

মাদারীপুরে ৬৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
মাদারীপুরে ৬৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদারীপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় শিবচর ও মাদারীপুর সদর থানা এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৃথক দুটি অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে মাদারীপুর জেলা পুলিশ।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবচর থানাধীন কাঠালবাড়ী ইউনিয়নের দোতারা হাজী ইয়াসিন মোল্লার কান্দি এলাকায় দুদু মিয়ার বাড়ির সামনে পাকা সড়ক থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. মজিবুর রহমান (২৭), মাসুদ রানা (২৭) ও আদি মাহমুদ হিমেল (২৫)। তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর থানাধীন পশ্চিম রাস্তি এলাকায় লিটনের বালু বিক্রয়কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে জাহিদ সরদার (২৮), মাসুদ বেপারী (৩৬) ও রুবেল খলিফা (৩২) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দুটি অভিযানে মোট ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি