তজুমদ্দিনে ব্যবসায়ীকে মারধর ও শক গান দিয়ে আঘাতের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার | Daily AjKaler Kontho

তজুমদ্দিনে ব্যবসায়ীকে মারধর ও শক গান দিয়ে আঘাতের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার


মো. মনির খান, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
তজুমদ্দিনে ব্যবসায়ীকে মারধর ও শক গান দিয়ে আঘাতের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

ভোলার তজুমদ্দিনে এক ব্যবসায়ীকে মারধর ও ইলেকট্রিক শক গান দিয়ে আঘাত করার অভিযোগে আব্দুল গফুর নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মুচিবাড়ির কোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ব্যবসায়ী বাবুলের স্ত্রী জোছনা বেগমের দায়ের করা মামলার ভিত্তিতে আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আব্দুল গফুরসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় গ্রেপ্তার আব্দুল গফুরকে বোরহানউদ্দিন থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ২৫ মে একই এলাকার ব্যবসায়ী নুর হোসেন মাঝিকে প্রকাশ্যে মারধর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল গফুরকে ভোলা সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

এ ঘটনায় দায়ের করা মামলার অন্য আসামিদের বিষয়ে আইনগত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি