সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: প্রতিমন্ত্রী মীর শাহে আলম | Daily AjKaler Kontho

সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: প্রতিমন্ত্রী মীর শাহে আলম


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সারের সংকটকে কেন্দ্র করে আন্দোলন করে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। তাঁর দাবি, রাজনৈতিকভাবে বিএনপিকে জনগণের কাছে হেয় করতে পরিকল্পিতভাবে কিছু এলাকায় সারের সংকটকে কেন্দ্র করে আন্দোলন করা হয়েছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর শাহে আলম দেশের বিভিন্ন এলাকায় সারের সংকটকে ‘কৃত্রিম’ বলে দাবি করেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, কুড়িগ্রামসহ কয়েকটি জেলায় রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের সংকট তৈরি করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে নিবিড় নজর রাখা হচ্ছে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

পরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা ও কুড়িগ্রাম জেলা উন্নয়ন সভায় অংশ নেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজকালের কন্ঠ/আর বি