
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়া কুষ্টিয়ার কুমারখালীর মেধাবী শিক্ষার্থী মো. আলামিন হোসেনের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি।
আলামিন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক আলেফ আলীর বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী।
পারিবারিক আর্থিক সংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তাঁর শিক্ষাজীবন অব্যাহত রাখা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সোনালী ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। পরে ব্যাংক কর্তৃপক্ষ আলামিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁর পড়াশোনা নির্বিঘ্ন রাখতে সহায়তার উদ্যোগ নেয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আলামিনের শিক্ষা ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এককালীন ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক আলামিন হোসেনের হাতে তুলে দেন।
পাশাপাশি আলামিনের শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত সোনালী ব্যাংকের পক্ষ থেকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এ সময় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ ও প্রতিষ্ঠানের কোম্পানি সেক্রেটারি উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :