সুস্পষ্ট, স্থায়ী ও লিখিত নীতিমালা প্রণয়ন ও নিয়মতান্ত্রিকভাবে সিট বরাদ্দ দেওয়ার দাবি ইবি ছাত্র শিবিরের | Daily AjKaler Kontho

সুস্পষ্ট, স্থায়ী ও লিখিত নীতিমালা প্রণয়ন ও নিয়মতান্ত্রিকভাবে সিট বরাদ্দ দেওয়ার দাবি ইবি ছাত্র শিবিরের


ইবি প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
সুস্পষ্ট, স্থায়ী ও লিখিত নীতিমালা প্রণয়ন ও নিয়মতান্ত্রিকভাবে সিট বরাদ্দ দেওয়ার দাবি ইবি ছাত্র শিবিরের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলে অবৈধ শিক্ষার্থী অপসারণ, মেধার ভিত্তিতে সিট বণ্টন, স্থায়ী নীতিমালা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে হল প্রভোস্ট বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ছাত্রশিবিরের শহীদ আনাস হল শাখার পক্ষ থেকে সুনির্দিষ্ট ৬ দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীদের আবাসন অধিকার নিশ্চিত করতে এবং হলের প্রশাসনিক স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। প্রথম দাবিতে দ্রুততম সময়ে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের চিহ্নিত করে হল থেকে অপসারণ, মেধার ভিত্তিতে সিট বণ্টন এবং সিটপ্রত্যাশী শিক্ষার্থীদের সিজিপিএ ও মেধাক্রমসহ পূর্ণাঙ্গ ওয়েটিং লিস্ট প্রকাশের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, হলের নতুন ব্লকে সিট বরাদ্দের বিজ্ঞপ্তির দ্রুত ভাইভা গ্রহণ করে মেধার ভিত্তিতে সিট নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া, হলের সিট বণ্টনের ক্ষেত্রে সুস্পষ্ট, স্থায়ী ও লিখিত নীতিমালা প্রণয়ন করে প্রতি ৬ মাস অন্তর নিয়মতান্ত্রিকভাবে অ্যালটমেন্ট দেওয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে হলের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আনসারদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা, পড়াশোনার স্বাচ্ছন্দ্যের জন্য রিডিং রুমে এসি স্থাপন এবং ডাইনিংয়ে মানসম্মত, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার পরিবেশনসহ শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণের কার্যকর ব্যবস্থা রাখার দাবি জানানো হয়েছে।

এসম্পর্কে হল শাখা শিবিরের সভাপতি মুহিবুল্লাহ আল আজাদ জানান, আমরা হলের সার্বিক সমস্যা বলি নিয়ে কাজ করি, হল শিক্ষার্থীদের সুষম পরিবেশ উপহার দেওয়ায় আমাদের লক্ষ্য যার ধারাবাহিকতায় আমরা কিছু সমস্যা লক্ষ্য করি যা উল্লেখ করে প্রভোস্ট স্যারের কাছে স্মারকলিপি প্রদান করেছি আজ।
স্যার পদক্ষেপ গ্রহণের মৌখিক আশ্বাস দিয়েছেন।

শহীদ আনাস হল প্রভোস্ট অধ্যাপক ড আবদুল কাদের বলেন, ছাত্র সংগঠন শিবিরের হল শাখা থেকে আমার কাছে আজ এসেছিল তারা কিছু যৌক্তিক দাবি উপস্থাপন করেছে তাদের আশ্বস্ত করেছি, ফান্ডে কিছু ঘাটতি আছে নতুন অ্যালোটমেন্ট দিলেই কাজ শুরু করতে পারব বলে আশা করছি।

আজকালের কন্ঠ/আর বি