মাদারীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন​ | Daily AjKaler Kontho

মাদারীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন​


এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
মাদারীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন​

সারাদেশের ন্যায় মাদারীপুরেও তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মূল উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সংগতি রেখে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা থেকে প্রদত্ত উদ্বোধনী বক্তব্যটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।​

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানান।​ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ডেঙ্গু দূরীকরণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি ঘরের চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি, ডাবের খোসা, টায়ার ও ফুলের টব নিয়মিত পরিষ্কার করা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। এই কার্যক্রমে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি, দায়িত্বপ্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবহেলা বা গাফিলতি যেন না হয়, সে বিষয়ে কঠোর থাকার হুঁশিয়ারি দেন।​মাদারীপুরের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য জাহানদার আলী মিয়া।

এছাড়া মাদারীপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) মোছাঃ জেসমিন আক্তার বানু, জেলা পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী, সিভিল সার্জনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।​আলোচনা পর্বে সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী এবং জেলা স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা বক্তব্য দেন। বক্তারা মাদারীপুরকে ডেঙ্গুমুক্ত রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর জোর দেন।

আজকালের কন্ঠ/আর বি