নড়াইলে জামায়াত নেতার অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তা ও মারধরের শিকার দুই সাংবাদিক | Daily AjKaler Kontho

নড়াইলে জামায়াত নেতার অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তা ও মারধরের শিকার দুই সাংবাদিক


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
নড়াইলে জামায়াত নেতার অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তা ও মারধরের শিকার দুই সাংবাদিক

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন জামায়াতের ইসলামী ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হাসিবুর মোল্যার কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন দুই সাংবাদিক।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের বর্ণির মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা নিন্দা জানিয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছিলেন জামায়াত নেতা হাসিবুর৷ শনিবার সকালে ওই অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে যান নড়াইল জেলা সময় টেলিভিশনের প্রতিনিধি সজিব রহমান ও নড়াইল জেলা দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি রাসেল হোসাইন। এসময় কারখানা মালিক হাসিবুর নানাভাবে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। কিন্তু সাংবাদিকরা তার প্রস্তাব নাকচ করে দেয়। পরে নড়াইল শহরে ফেরার পথে বর্ণির মোড় এলাকায় সাংবাদিকদের ঘিরে ধরে হেনস্থা ও মারধর করেন হাসিবুর ও তার লোকজন।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত হাসিবুরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি তিনি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই সাংবাদিককে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজকালের কন্ঠ/আর বি