
আরেকটি এশিয়া কাপ, আরেকবারও ব্যর্থতার গল্প। বাংলাদেশ নারী দলের জন্য যেন একই চিত্রের পুনরাবৃত্তি। এবারের এশিয়া কাপেও ব্যাটিং ব্যর্থতায় প্রায় প্রতিটি ম্যাচেই ভুগেছে নিগার সুলতানা জ্যোতির দল। হতাশাজনক টুর্নামেন্ট শেষে ক্রিকেটারদের পাশাপাশি সমালোচনার মুখে পড়েছে কোচিং স্টাফও।
চলতি মাসে একই দল নিয়ে এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ নারী দল। এরপরই দলের দায়িত্বে দেখা যেতে পারে নতুন প্রধান কোচকে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্পকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। বর্তমানে দেশি কোচ সারোয়ার ইমরান নারী দলের দায়িত্ব পালন করছেন।
তবে হেম্পের সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, বিসিবির সঙ্গে তার দুই বছরের চুক্তি হতে পারে। আগামী অস্ট্রেলিয়া সিরিজের আগেই বাংলাদেশের দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে এই ইংলিশ কোচের।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অবশ্য ডেভিড হেম্পের পরিচয় নতুন নয়। বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পরবর্তীতে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ নারী দলের সঙ্গেও কাজ করেছেন হেম্প।
সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের পরিবেশ ও খেলোয়াড়দের সম্পর্কে আগে থেকেই ধারণা থাকা হেম্পকেই এবার নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি। তার অধীনে নিগার সুলতানা জ্যোতিদের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে সাফল্যের পথে ফেরানোর চ্যালেঞ্জ থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :