
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এনএসইউ প্লাজা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৪ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৮৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান এম. এ. কাশেম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নর্থ সাউথ ইউনিভার্সিটির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের কার্যক্রম ও পরিচিতি তুলে ধরেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষার প্রসার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উচ্চশিক্ষার পর্যায়ে শিক্ষার্থীরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়। এ সময় জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বুদ্ধিমত্তার সঙ্গে সচ্চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি এম. এ. কাশেম বলেন, দেশের মেধাবী তরুণ-তরুণীরা যেন বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য বিদেশমুখী না হয়ে দেশেই আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ পায়—এই লক্ষ্যেই নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘ পথপরিক্রমায় সেই লক্ষ্য বাস্তবে রূপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সম্মানিত অতিথি বেনজীর আহমেদ শিক্ষার্থীদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, বর্তমান বিশ্ব সম্ভাবনায় পরিপূর্ণ। স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে শৃঙ্খলা, পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, উচ্চশিক্ষায় নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি ভিন্ন মানদণ্ড তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের দেওয়া সুযোগ-সুবিধা ও সহায়তার সর্বোচ্চ ব্যবহার করে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি পেশাগত জীবনের জন্য প্রস্তুত হতে হবে। একই সঙ্গে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এনএসইউর উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। পরে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :