ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসন, ঝালকাঠির আয়োজনে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে শহরে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালি চলাকালে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। একই সঙ্গে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, পুলিশ সুপার মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আজকালের কন্ঠ/আর বি