হোমনায় মামলা সংক্রান্ত বিরোধে মাজার দখলের অভিযোগ, গাছ কর্তন ও ভাঙচুরের অভিযোগ | Daily AjKaler Kontho

হোমনায় মামলা সংক্রান্ত বিরোধে মাজার দখলের অভিযোগ, গাছ কর্তন ও ভাঙচুরের অভিযোগ


হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৬:০২ অপরাহ্ন
হোমনায় মামলা সংক্রান্ত বিরোধে মাজার দখলের অভিযোগ, গাছ কর্তন ও ভাঙচুরের অভিযোগ

কুমিল্লার হোমনায় মামলা সংক্রান্ত বিরোধের জেরে সাফলেজী গ্রামের ঐতিহ্যবাহী” ছামাদ কবিরাজ” এর মাজার দখলের চেষ্টা, ২১টি গাছ কেটে ফেলা, ঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজারের খাদেম ও মরহুম আবদুছ ছামাদ কবিরাজের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২-১৫ জনের বিরুদ্ধে হোমনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) হোমনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিলুল্লাহ অভিযোগ করেন যে দুলালপুর ইউনিয়নের সাফলেজী গ্রামের” ছামাদ কবিরাজ” এর মাজারের জমি সিএস, আর এস ও বিএস এ আমার বাবা ছামাদ কবিরাজ মালিক তার নামে নামজারি জমাখারিজ আছে। কিন্ত চন্ডীপুর গ্রামের খোরশিদ আলম ভূয়া দলিল সৃজন করে এ জমি দাবী করে। এ নিয়ে তার সঙ্গে বিরোধ চলে আসছে ও আদালতে মামলা চলছে।

আদালতে মামলা থাকাকালীন গত ২২ জুলাই খোরশিদ আলমের ছেলে কামাল হোসেন ওরফে টাডি কামালের নেতৃত্বে একদল লোক মাজারে হামলা চালিয়ে বিদ্যুতের মিটার ভাঙচুর ও ঘরের তালা ভেঙে ঘরের ফ্যান, আসবাবপত্র ও টিউবওয়েল নিয়ে যায়। এ সময় ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির ২১টি গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ইব্রাহিম আরও অভিযোগ করেন, মামলা তুলে নিতে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। নিরাপত্তাহীনতায় তিনি বাড়িতেও থাকতে পারছেন না।

তবে অভিযোগ অস্বীকার করে খোরশিদ আলম বলেন, বিভিন্ন দলিল অনুযায়ী ওই জমির মালিক তিনি এবং আদালতের রায়ে তার নামে নামজারি-জমা খারিজ হয়েছে। জায়গা দখলে গেলে ইব্রাহিম তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে মাজারের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, ইব্রাহিম খলিলুল্লাহ ১৪৫ জারি করেছে যার প্রতিবেদন আদালতে প্রেরন করা হয়েছে। একই অভিযোগে থানায় অভিযোগ দিয়েছে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আদালতে মামলা চলছে, মামলার চুড়ান্ত রায়ের প্রতি শ্রদ্ধা রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। কোন পক্ষ আইন অপমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷

আজকালের কন্ঠ/আর এস