জিয়ানগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত | Daily AjKaler Kontho

জিয়ানগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত


মো: নাজমুল হোসেন , পিরোজপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৭:০১ অপরাহ্ন
জিয়ানগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত

পিরোজপুরের জিয়ানগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে মৎস্য অবমুক্তকরন, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ জাতীয় মৎস্য কক্ষ- ২০২৬ উদযাপিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে পিরোজপুর- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের পুকুরে মৎস্য অবমুক্ত করনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপর উপজেলা পরিষদ থেকে র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে র‍্যালিটি শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফাহাদ হোসেন,উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খাঁন, জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা সভাপতি মো: নুরুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক মাসুদ মাতুব্বর, উপজেলা জাতীয়তাবাদী মৎস্য দলের সাধারণ সম্পাদক মামুন কাজী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সাংবাদিক ও মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “আমরা মাছে-ভাতে বাঙালি,মৎস্য খাতে ১ কোটি ৮০ লক্ষ মানুষের কর্মসংস্থান রয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে মৎস্য ও মৎস্যজাত পণ্য থেকে। এটি দারিদ্র্য বিমোচনে ও গ্রামীণ অর্থনীতিতেও ব্যাপক ভূমিকা রাখে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের নদী ও খাল ভরাট হয়ে যাচ্ছে, ছোট ও ডিমওয়ালা মাছ ধরার কারণে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষতিকর হরমোন ও এন্টিবায়োটিক ব্যবহারের ফলে মাছের গুণগত মান কমে যাচ্ছে, সরকারি নিষেধাজ্ঞা সময় মাছ ধরার ফলে মাসের উৎপাদন ব্যহত হচ্ছে।

তাই এ ক্ষেত্রে সরকারের দেওয়া প্রশিক্ষণ নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে, ক্ষতিকর ঔষধ ব্যবহার বন্ধ করতে হবে,সরকারি নিষেধাজ্ঞা সময় মাছ ধরা বন্ধ সহ পোনা মাছ ধরা বন্ধ করতে হবে, খাল বিল পুকুর দখল মুক্ত রাখতে হবে। তাহলে আমরা মৎস্য খাতে সমৃদ্ধ হবো,আমাদের মৎস্য সম্পদের অভাব দূর হবে।মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে, সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি উপজেলা মৎস্য দপ্তর সহ সংশ্লিষ্ট সকলকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।”

আলোচনা শেষে প্রধান অতিথি মৎস্য চাষীদের মৎস্য খাতে অবদান ও স্বীকৃতিস্বরুপ পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে আরো ব্যাপক ভূমিকা পালনের ব্যাপারে উৎসাহ প্রদান করেন ও সহযোগিতার আশ্বাস দেন।

আজকালের কন্ঠ/আর এস