
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষে এক পরামর্শ সভা আহবান করাকে কেন্দ্র করে ভুবনমঙ্গল কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গৌর চন্দ্র সাহার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে জেলা শহরের পূর্ব পাইকপাড়াস্থ গৌর সাহার নিজ বাড়িতে ২০ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে জানান ভুক্তভোগী।
এ হামলায় জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর প্রত্যক্ষ নেতৃত্ব রয়েছে বলে ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয় ও ঘটনার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সনাতন ধর্মাবলম্বীদের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জন্মাষ্টমী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে সর্বেজন শ্রদ্ধেয় ও পরিচিত মুখ গৌর চন্দ্র সাহাকে পরামর্শ সভা ডাকার অনুরোধ জানান স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। এতে তিনি সায় দিয়ে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে একমত পোষণ করে সভার সিদ্ধান্ত গ্রহণ করেন গৌর সাহা।
হামলাকারীদের বিষয়ে অভিযোগ করে গৌর চন্দ্র সাহা জানান, শনিবার রাতে সমীর চক্রবর্তীর নেতৃত্বে ২০-৩০ জনের একটি দুর্বৃত্ত দল তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাত-পা ভেঙে ফেলার হুমকি প্রদান করে চলে যায়।
এ বিষয়ে জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে সর্বজনীন পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যেই গৌরদাকে দিয়ে পরামর্শ সভা আহ্বানের উদ্যোগ নিয়ে ছিলাম। এখানে দোষের বা বিতর্কের কিছু নেই। যা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এই সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ১নং পুলিশ ফাঁড়ির এএসআই নুরুল আমিন জানান, “জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে হামলা হচ্ছে এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। ভুক্তভোগী গৌর সাহা মৌখিকভাবে সমীর চক্রবর্তীর বিরুদ্ধে তার বাসভবনে ভাঙচুরের অভিযোগ করেছেন এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ”
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :