
এলাকায় কেউ মাদক সেবন করলে অথবা মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত থাকলে আপনারা গ্রাম্য শালিসের মাধ্যমে তার বিচার না করে সরাসরি পুলিশ প্রশাসনের হাতে তুলে দিবেন। মাদক থেকেই আজ সমাজে বিভিন্ন ধরনের বড় বড় অপরাধ ছড়িয়ে পড়ছে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। একজন মাদকসেবী একটি পরিবার, একটি সমাজ সর্বোপরি একটি রাষ্ট্রের কাছে জঘন্যতম ঘৃণীত ব্যক্তি। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। এলাকায় কাউকে মাদক সেবন বা মাদক বিক্রির সাথে জড়িত অবস্থায় দেখতে পেলেই তা পুলিশ প্রশাসনকে অবহিত করবেন।
সোমবার রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টার বক্তব্যে এসব কথা বলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু (এমপি)।
এসময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বিভিন্ন বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে আইনশৃঙ্খলা সভার প্রধান উপদেষ্টা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু এমপি, সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।রাণীনগর উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে উপজেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :