ইবিতে বিশৃঙ্খলার জেরে এনসিপি নেতা সুইটকে কারণ দর্শানোর নোটিশ | Daily AjKaler Kontho

ইবিতে বিশৃঙ্খলার জেরে এনসিপি নেতা সুইটকে কারণ দর্শানোর নোটিশ


ইবি প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৬:১২ অপরাহ্ন
ইবিতে বিশৃঙ্খলার জেরে এনসিপি নেতা সুইটকে কারণ দর্শানোর নোটিশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তির কর্মসূচিতে বিশৃঙ্খলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও সাবেক ইবি সমন্বয়ক এস এম সুইটকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

রোববার (২৭ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে মোহাম্মদ উসামা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (কুষ্টিয়া) জাতীয় ছাত্রশক্তি কর্তৃক আয়োজিত আলোচনা সভা চলাকালে এক অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিক পর্যবেক্ষণে উক্ত গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে আপনার প্রত্যক্ষ ইন্ধন ও জড়িত থাকার বিষয়টি প্রতীয়মান হয়েছে, যা সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে কেন সংগঠনের নীতি ও গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত শৃঙ্খলা ভঙ্গজনিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরের মাধ্যমে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জনাব হাসনাত আব্দুল্লাহ বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই হট্টগোল সৃষ্টি করে।

ইবি শাখা ছাত্রশক্তির নবগঠিত কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। এনসিপির যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

জানা গেছে, অনুষ্ঠানে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর বক্তব্য চলাকালে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন এবং যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শ’র নেতৃত্বে বৈষম্যবিরোধীদের একটি গ্রুপ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। তখন বাঁধন এনসিপির নেতাদের উদ্দেশ্যে উত্তেজিত হয়ে বলেন, “ক্যাম্পাসে বহিরাগত কেন? ছাত্রলীগ, ছাত্রদল সমন্বয়ে ছাত্রশক্তির কমিটি দিলেন, প্রমাণ সব আছে, এটা মানি না…” ইত্যাদি বলে হট্টগোল সৃষ্টি করে। এসয়ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনও পাশে ছিলেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ তাদের নিবৃত্ত করতে সভাস্থল ছেড়ে অন্যত্র নিয়ে যান।

আজকালের কন্ঠ/আর বি