নেত্রকোণা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

নেত্রকোণা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
নেত্রকোণা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে নেত্রকোণা নাগরিক অধিকার কমিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়তার জাহান চৌধুরী, সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, এম মোখলেছুর রহমান, নাজমুশ শাহাদাৎ নাজুসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ২০০৮ সালে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। এর ফলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার মানও কাঙ্ক্ষিত পর্যায়ে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

বক্তারা দ্রুত নেত্রকোণা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আজকালের কন্ঠ/আর বি