সংরক্ষিত নারী আসনের এমপি মনোনীত বিথীকা বিনতে হোসাইন | Daily AjKaler Kontho

সংরক্ষিত নারী আসনের এমপি মনোনীত বিথীকা বিনতে হোসাইন


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ১:২১ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসনের এমপি মনোনীত বিথীকা বিনতে হোসাইন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথীকা বিনতে হোসাইন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হয়েছেন।

দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা বিথীকা বিনতে হোসাইন স্বামী শফিউল বারী বাবুর আদর্শ অনুসরণ করে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। বিশেষ করে রামগতি ও কমলনগর অঞ্চলে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে দীর্ঘ আলোচনা শেষে তার নাম চূড়ান্ত করা হয়। এর আগে তিনি এই আসনে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন এবং দলের সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করেছিলেন।

বিথীকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে রাজনীতিতে উঠে আসা একজন নেত্রী। পাশাপাশি তিনি ‘অর্পণ আলোক’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন।

তার স্বামী শফিউল বারী বাবু বিএনপির রাজনীতিতে আলোচিত এক ব্যক্তিত্ব ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জীবনের একটি বড় সময় তিনি কারাবরণ ও নির্যাতনের মধ্যে কাটিয়েছেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পেলে বিথীকা বিনতে হোসাইন উপকূলীয় জনপদের উন্নয়ন এবং অবহেলিত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আজকালের কন্ঠ/আর বি