গণভোটই সর্বোচ্চ আইনি ভিত্তি বহন করে : গোলাম পরওয়ার | Daily AjKaler Kontho

গণভোটই সর্বোচ্চ আইনি ভিত্তি বহন করে : গোলাম পরওয়ার


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
গণভোটই সর্বোচ্চ আইনি ভিত্তি বহন করে : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সরকার রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করছে। পাঁচ কোটি মানুষের ‘হ্যাঁ’ ভোটে গৃহীত সংস্কারকে অস্বীকার করা জনগণের মতামতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।

জনগণের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটই সর্বোচ্চ আইনি ভিত্তি বহন করে। সংবিধানের আলোকে জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন। যেখানে ৭০ শতাংশ মানুষ যখন সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তখন তা অস্বীকারের সুযোগ নেই।

আজ শুক্রবার (১০ এপ্রিল) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনে যারা নতুনভাবে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন দিয়েছে, তাদের সংগঠনে সম্পৃক্ত করতে হবে। একইসঙ্গে সংগঠন সম্প্রসারণ ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন তিনি।

টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন।

টঙ্গী পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আতিকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ খায়রুল হাসান, মুহাম্মদ হোসেন আলী, ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মুহাম্মদ সালাহ উদ্দিন আইয়ুবী, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মুহাম্মদ আফজাল হোসাইন, আজহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, এ এইচ এম এরফানুল হক, নিয়ামত উল্লাহ শাকের, মাঈনুল ইসলাম ভিপি, গোলামুল কুদ্দুস, নূর মুহাম্মদ মন্ডল, মোস্তাক আহমেদ, মোক্তার হোসেন মুন্সি, গোলাম ইদ্রিস, আবু সুফিয়ান প্রমুখ।