
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রায়পুর উপজেলা-তে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ সময় তিনি বলেন, “ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রায়পুর উপজেলা শাখার সভাপতি এজেডএম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, আবু জাহের মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরমান হোসেন, সদস্য সচিব সুজন পাটোয়ারী, যুবদল নেতা নুরে হেলাল মামুন ও জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার ও রায়পুর থানা অফিসার ইনচার্জ শাহীন মিয়াসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাতভর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় ভাষা আন্দোলনের স্মৃতিচারণ, দেশপ্রেম ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগঘন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :