
নলছিটি, ঝালকাঠি, ২৭ ডিসেম্বর ২০২৫: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিটাবল সোসাইটি এর উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি-বিধানের বাস্তবায়নের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে এক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সমাজসেবীদের অংশগ্রহণে তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর প্রয়োগ এবং স্বাস্থ্যকর সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা জানান, দেশে তামাকজাত দ্রব্যের ব্যবহারজনিত রোগে প্রতি বছর লাখো মানুষের মৃত্যু হচ্ছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদিত হয়েছে, যাতে ই-সিগারেটসহ নতুন তামাক পণ্য নিষিদ্ধ করা এবং প্যাকেটে স্বাস্থ্য সতর্কবার্তা ৭৫ শতাংশ এলাকাজুড়ে মুদ্রণের বিধান যুক্ত হয়েছে। এই আইনের স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন জোরদার করতে সভায় বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়।
সভার সভাপতি মোঃ নুরুজ্জামান আকন বলেন, “তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর প্রয়োগে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় করতে হবে। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং মনিটরিং জোরদার করলে তামাকমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব।”
সভায় উপস্থিত ছিলেন নলছিটি পল্লী কর্ম উন্নয়ন সংস্হা, আমতলী মহিলা উন্নয়ন সংস্থা, দুমকস সংস্থাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকর নলছিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।এ ধরনের সভা তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আজকালের কন্ঠ/ আর এস/সোহাগ
আপনার মতামত লিখুন :