বাউফলে এনসিপি এমপি প্রার্থীর তোরণে আগুন | Daily AjKaler Kontho

বাউফলে এনসিপি এমপি প্রার্থীর তোরণে আগুন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
বাউফলে এনসিপি এমপি প্রার্থীর তোরণে আগুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -২ বাউফল আসন থেকে মনোনীত প্রার্থী মুজাহিদুল ইসলাম শাহিনের একটি তোরণ দুর্বৃত্তরা আগুন দিয়ে আংশিকভাবে পুড়িয়ে দিয়েছে। রবিবার (২৩ নভেম্বর) গভীর রাতে বাউফল পৌরসভার পশ্চিম সীমানায় নির্মিত তোরণটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে তোরণটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে এনসিপি নেতা সংসদ সদস্য প্রার্থী মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাউফলের বিভিন্ন সড়কে আমার নাম ও ছবিসংবলিত কয়েকটি তোরণ নির্মাণ করা হয়েছিল। আগুন দিয়ে তোরণ পোড়ানো যাবে, কিন্তু মানুষের ভালোবাসা পোড়ানো যাবে না। যারা আমার তোরণ পোড়ানোর চেষ্টা করেছেন, তারা ভালো করেননি। এসব নিন্দনীয় কাজ করে আমাদের দমিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, এনসিপি গ্রামগঞ্জের গণমানুষের হৃদয়ে পৌঁছে গেছে। তোরণ পুড়িয়ে বাউফলের মানুষের ভালোবাসা কাছ থেকে দূরে সরানো যাবেনা। আইনগত সহায়তা নেয়ার জন্য বাউফল থানায় অভিযোগ দেওয়া হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম আরও বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আশা করি, প্রশাসন তাদের তদন্তে দুস্কৃতিকারীদের আইন আমলে এনে ব্যবস্থা নিবে।

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান সরকার বরিশালটাইমসকে বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজকালের কন্ঠ/আর বি