কেবিন ক্রুকে ধর্ষণের অভিযোগ, পাইলটের বিরুদ্ধে মামলা | Daily AjKaler Kontho

কেবিন ক্রুকে ধর্ষণের অভিযোগ, পাইলটের বিরুদ্ধে মামলা


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
কেবিন ক্রুকে ধর্ষণের অভিযোগ, পাইলটের বিরুদ্ধে মামলা

ভারতের বেঙ্গালুরুতে এক ফাইভ–স্টার হোটেলে ২৬ বছর বয়সী এক কেবিন ক্রু সদস্যকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক পাইলটের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ (২৪ নভেম্বর) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। অভিযুক্তের নাম রোহিত সারান, যিনি একটি বেসরকারি এভিয়েশন কোম্পানিতে কর্মরত।

অভিযোগে বলা হয়েছে, সারান তাকে নিজের রুমের সামনে সিগারেট খাওয়ার কথা বলে ডেকে নেন। সেখানে গিয়ে তিনি জোর করে ভুক্তভোগীকে রুমে টেনে নিয়ে যৌন নির্যাতন করেন। ঘটনার পর তিনি কোনোমতে সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হন, তবে ভীষণ আতঙ্কিত ও নিরাপত্তাহীন বোধ করেন।

ঘটনাটি ঘটে ১৮ নভেম্বর। সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, হায়দরাবাদের বেগমপেট ও অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থি থেকে চার্টার্ড ফ্লাইট পরিচালনার পর অভিযুক্ত পাইলট, আরেক পাইলট ও ভুক্তভোগী কেবিন ক্রু সদস্য ওই হোটেলে রাতযাপনের জন্য চেক-ইন করেন।

২০ নভেম্বর বেগমপেটে ফিরে তিনি কোম্পানির ব্যবস্থাপনাকে বিষয়টি জানান এবং স্থানীয় থানায় একটি এফআইআর করেন। পরে ভারতীয় ন্যায় সংহিতা (ভিএনএস)–র ৬৩ নম্বর ধারা, অর্থাৎ ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। মামলাটি বর্তমানে বেঙ্গালুরুর হালসুরু থানায় স্থানান্তর করা হয়েছে এবং তদন্ত চলছে।

আজকালের কন্ঠ/ আর এস