বাউফলে বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাউফলে বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
বাউফলে বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে পাবলিক ফিল্ডসংলগ্ন হাসনআলী দালাল মার্কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাউফল উপজেলা শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নতুন কার্যালয়কে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে এবং পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথি হিসেবে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ–দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জব্বার মৃধা। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ও যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি শিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত।

উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। নতুন কার্যালয় উদ্বোধনকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুনির হোসেন বলেন,“অতীত সরকারের দমন–পীড়ন ও চাপের কারণে বাউফলে বিএনপির জন্য কার্যালয় ভাড়া নেওয়া কঠিন হয়ে পড়েছিল। ফ্যাসিবাদী শক্তির সহযোগীদের ভয়ে কেউ আমাদেরকে অফিস দিতে সাহস করেনি। বাধ্য হয়ে সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের বাসভবন অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করতে হয়েছে।”

তিনি আরও বলেন,“আজকের এই নতুন কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে বাউফল উপজেলা বিএনপি নতুন শক্তি অর্জন করল। বাউফল পৌর বিএনপি ও প্রতিটি ওয়ার্ড কমিটিকে আমরা ইতোমধ্যে পুনর্গঠন করেছি। অতীতের মতো ভবিষ্যতেও বাউফলবাসীর পাশে থাকবো—ইনশাআল্লাহ।”উদ্বোধন উপলক্ষে নেতাকর্মীরা “শহীদ জিয়া অমর হোক”, “খালেদা জিয়া জিন্দাবাদ”, “তারেক রহমান জিন্দাবাদ”—এমন স্লোগানে পুরো কার্যালয় চত্বর মুখরিত করে তোলেন।

আজকালের কন্ঠ/ আর এস/এএ