সাগরকন্যা কুয়াকাটায় রাস পূজা উ'দযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন, ভিড় বাড়ছে পূণ্যার্থীদের | Daily AjKaler Kontho

সাগরকন্যা কুয়াকাটায় রাস পূজা উ’দযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন, ভিড় বাড়ছে পূণ্যার্থীদের


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন
সাগরকন্যা কুয়াকাটায় রাস পূজা উ’দযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন, ভিড় বাড়ছে পূণ্যার্থীদের
ধর্মীয় উৎসবের আবহে মুখর সাগরকন্যা কুয়াকাটা। ‘ধুয়ে মুছে যাবে সকল জাগতিক পাপ’—এই বিশ্বাসে আজ (মঙ্গলবার) পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান রাস পূজা।
উৎসবকে ঘিরে ইতিমধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। মন্দির প্রাঙ্গণ ও সৈকত এলাকা সাজানো হয়েছে রঙিন আলো ও তোরণে। গতকাল বিকেল থেকেই কুয়াকাটা সৈকত এলাকায় আসতে শুরু করেছেন বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থী ও দর্শনার্থীরা।
আজ সন্ধ্যায় অধিবাস, আমন্ত্রণ, মঙ্গলঘট স্থাপন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। রাতভর চলবে পূজার্চনা, ভাবগত পাঠ, মহানাম কীর্তন, সঙ্গীতানুষ্ঠান ও ধর্মীয় ভাবগম্ভীর আয়োজন।
আয়োজক সূত্রে জানা গেছে, বুধবার ভোরে পবিত্র গঙ্গাস্নানের মধ্য দিয়ে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে কলাপাড়ার বিভিন্ন এলাকায় রাসমেলা চলবে আরও পাঁচ দিন।
মেলায় বসেছে শতাধিক দোকান—যেখানে পাওয়া যাচ্ছে পোশাক, প্রসাধনী, খেলনা, মিষ্টান্ন, ও গৃহস্থালি সামগ্রী। শিশু-কিশোর থেকে বয়স্ক—সব বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
পুলিশ প্রশাসন জানিয়েছে, উৎসবকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গণে নিয়োজিত রয়েছে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরাও।ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দের এ মিলনমেলায় এবারও হাজারো ভক্ত ও পর্যটকের আগমন প্রত্যাশা করছে কুয়াকাটাবাসি ।
আজকালের কন্ঠ/আর এস/ এম