মধ্যনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন | Daily AjKaler Kontho

মধ্যনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন


মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন
মধ্যনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তির মাধ্যমে সাম্য, মানবিক রাষ্ট্র, সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। জনগণের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে একটি স্বনির্ভর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

বুধবার দুপুরে মধ্যনগরে উপজেলা প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার লিটন বলেন, দেশপ্রেমিক, সুশিক্ষিত ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। সুনামগঞ্জ-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও হাওর উন্নয়নই হবে আমার অগ্রাধিকার। বিশেষ করে হাওরের প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, শিক্ষার প্রসারে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হাওরের ফসলরক্ষা বাঁধ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী পরিকল্পিতভাবে কাজ করা হবে। হাওরে দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে; তাই মৎস্য নীতিমালার আওতায় দেশীয় মাছের অভয়াশ্রম গড়ে তুলে হাওরকে আবারও মৎস্য ভান্ডার হিসেবে ফিরিয়ে আনা আমার স্বপ্ন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন জানান, তিনি শুধু প্রবাসজীবনে নয়, বরং দীর্ঘদিন ধরে রাজনীতির মাটিতেও সক্রিয় ছিলেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, ব্যারিস্টার লিটন বর্তমানে দলের চেয়ারপারসনের নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে মাঠে কাজ করছেন। তিনি বলেন, আমার পরিবার সবসময় জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার বাবা ও বড় ভাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জনগণের ভালোবাসা ও দলের সমর্থন থাকলে আমিই পারব সুনামগঞ্জ-১ আসনের মানুষের প্রত্যাশা পূরণ করতে।

সভা শেষে সাংবাদিকদের উদ্দেশে ব্যারিস্টার লিটন বলেন, আপনারা হাওরপাড়ের মানুষের কণ্ঠস্বর। আপনাদের লেখনীর মাধ্যমে তাদের কষ্ট ও স্বপ্ন জাতির সামনে তুলে ধরুন। হাওরাঞ্চলের উন্নয়ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। মনে রাখবেন, আমি আপনাদেরই আপনজন। ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন কে স্বাগত জানান মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক আল আমীন তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, কোষাধ্যক্ষ অবঃ সার্জেন্ট মোঃ মোসাব্বির সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবীর প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহকোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মুন্না প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি/এস